
নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালের কালাবদর নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় অভিযানে নিয়োজিত টিমের ওপর জেলেদের হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে বরিশালের চরমোনাই-মেহেন্দীগঞ্জ সীমানার বাকরজা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজহারুল ইসলাম প্রথম আলোকে জানান, “অভিযানের সময় আমরা একটি মাছ ধরার নৌকা দেখতে পাই। ধাওয়া করলে জেলেরা পালিয়ে যায়। পরে জাল জব্দ করতে গেলে ৬০-৭০ জন জেলে সংঘবদ্ধ হয়ে আমাদের ওপর হামলা চালায়।”
হামলার সময় জেলেরা ইট-পাটকেল ছোড়ে এবং বাঁশের লাঠি দিয়ে আঘাত করে। এতে অভিযানে অংশ নেওয়া স্পিডবোট চালক মামুন আহত হন।
আত্মরক্ষার্থে আনসার বাহিনীর সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ২০ রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে ১৮ রাউন্ড ছিল রাবার বুলেট, আর ২ রাউন্ড সীসার গুলি। গুলিতে জেলেদের পক্ষের ২ থেকে ৩ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার পর এলাকা কিছু সময়ের জন্য উত্তপ্ত থাকলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নদীপথে টহল জোরদার করা হয়েছে।
বরিশালের জেলা প্রশাসন জানায়, মা ইলিশ সংরক্ষণে সরকারের চলমান কার্যক্রমে বাধা দেওয়া হলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
