
ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় অস্টিন (৩৯) নামের এক নাইজেরীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩ আগস্ট) রাতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়নের নিজকালিকাপুর বিওপির সদস্যরা অভিযান চালান। এ সময় পরশুরাম উপজেলার নিজকালিকাপুর সীমান্ত এলাকা থেকে ওই নাইজেরীয় নাগরিককে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্টিন জানান, তিনি গত মার্চ মাসে বাংলাদেশে আসেন। পরে বাংলাদেশ হয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে ফেনীর পরশুরামে আসেন। স্থানীয়ভাবে তথ্য যাচাইয়ের পর তাঁকে আটক করা হয় বলে জানিয়েছে বিজিবি।
আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পরশুরাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
