

মৌলভীবাজারে পৌষসংক্রান্তি উপলক্ষে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। শেরপুরে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ এ মেলায় দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ যেমন রুই, কাতল, চিতল, বোয়াল, মৃগেল, বাঘাই, কালি বাউস এবং সামুদ্রিক বড় বড় মাছ প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। এ বছর মেলায় ২৫ থেকে ৭০ কেজি পর্যন্ত ওজনের মাছ দেখা গিয়েছে। সবচেয়ে আকর্ষণীয় একটি বাঘাই মাছের দাম ধরা হয়েছে ৩ লক্ষ টাকা। হাওরের ছোট প্রজাতির মাছ যেমন কৈ, পাবদা, শিং, ট্যাংরা এবং ছোট চিংড়িও মেলায় রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো মানুষ মাছ কিনতে এবং দেখতে মেলায় ভিড় জমাচ্ছেন।
প্রায় ৮০ বছরের পুরোনো এই মাছের মেলা মৌলভীবাজারের এক বিশেষ সাংস্কৃতিক ঐতিহ্য। স্থানীয়রা মেলা থেকে বড় মাছ কিনে আত্মীয়স্বজনদের উপহার দিচ্ছেন এবং পরিবারের উৎসব আয়োজনকে রঙিন করে তুলছেন। শ্রীমঙ্গলে চায়ের রাজধানীতেও মাছের মেলা জমে উঠেছে। সেখানকার বাজারে ৩০-৪০ কেজি ওজনের মাছ দেখা যাচ্ছে।
পৌষসংক্রান্তির এই মেলা শুধু মাছের বেচাকেনার জায়গা নয়, বরং এটি মানুষের সৌহার্দ্য এবং সম্প্রীতি বাড়ানোর একটি বিশেষ উৎসব। হাওর অঞ্চলের মানুষ এদিনের জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়েছে। সনাতন সম্প্রদায়ের পাশাপাশি সব ধর্মের মানুষ এই মেলার আনন্দ ভাগাভাগি করে নিয়েছে, যা তাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও দৃঢ় করেছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com