

পিলখানা হত্যাকাণ্ড ছিল দুটি সুশৃঙ্খল বাহিনী, সেনাবাহিনী ও বিডিআরকে দুর্বল করার পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেছেন কারা-নির্যাতিত বিডিআর পরিবারের সদস্যরা।
জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেছেন। অনুষ্ঠানের আয়োজন করে বিডিআর কল্যাণ পরিষদের সহযোগিতায় ‘কারা-নির্যাতিত বিডিআর পরিবার’।
বক্তারা জানিয়েছেন, ২০০৯ সালের এই ঘটনার উদ্দেশ্য ছিল বাহিনী দুটি ধ্বংসের পাশাপাশি ক্ষমতা কুক্ষিগত করা। তারা অভিযোগ করেছেন, হত্যাকাণ্ডের পর প্রকৃত সত্য গোপন করতে তদন্তের নামে নিরীহ বিডিআর সদস্যদের উপর নিপীড়ন চালানো হয়েছে। এ সময় ৪৭ জন জওয়ানকে নির্যাতনে হত্যা এবং মিথ্যা অভিযোগে বহু সদস্যকে কারাবন্দি করা হয়েছে। বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তারা বলেছেন, ১৫২ জনকে ফাঁসি, ১৮২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং শতাধিক সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে, যেখানে সঠিক সাক্ষ্যপ্রমাণ ছিল না।
বিডিআর পরিবারের সদস্যরা আরও বলেছেন, তদন্তের নামে ক্ষমতার অপব্যবহার করে নিরপরাধ মানুষদের বলি দেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের পদোন্নতিসহ পুরস্কৃত করা হয়েছে, যা ন্যায়বিচারের পরিপন্থী। তারা দাবি করেছেন, এখনই সঠিক পদক্ষেপ না নিলে এই অন্যায় অব্যাহত থাকবে এবং নিরীহ মানুষের জীবন বিপন্ন হবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com