পিরোজপুরে পান চাষীদের সমাবেশ, ১০ দফা দাবিতে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১০ মাস আগে

পিরোজপুর প্রতিনিধি : বাংলাদেশ পান চাষী সমিতি পিরোজপুর জেলা কমিটির উদ্যোগে বুধবার সকালে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের সামনে পান চাষীদের সমাবেশ অনুষ্ঠিত হয়। 

জেলা আহ্বায়ক নিমাই মণ্ডলের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে পান রপ্তানির প্রতিবন্ধকতা দূরীকরণসহ ১০ দফা দাবি উত্থাপন করা হয়। 

প্রধান বক্তা জাতীয় কৃষক-খেতমজুর সমিতির সভাপতি অধ্যাপক আবদুস সত্তার অভিযোগ করেন, শুল্ক বিভাগ রপ্তানি মূল্য প্রতি কেজি ১ ডলার থেকে বাড়িয়ে ৫ ডলার করায় বিদেশি ক্রেতারা মুখ ফিরিয়ে নিয়েছে। এতে রপ্তানি বন্ধ হয়ে বাজারে ধস নেমেছে এবং চাষীরা বিপর্যয়ের মুখে পড়েছে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কাছে ১০ দফা দাবি সংবলিত স্মারকলিপি পেশ করা হয়।