

আন্তর্জাতিক ডেস্ক:
চলতি মাসের মাঝামাঝিতেই পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালিয়েছে ইরানে। হামলা-পাল্টা হামলায় উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তান সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান।
খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি। সোমবার (২৯ জানুয়ারি) ইসলামাবাদে পৌঁছান হোসেইন আমির আবদুল্লাহিয়ান।’
এই সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি ছাড়াও দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকারের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ তার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লেখেন, ‘পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানির আমন্ত্রণে সাড়া দিয়ে পাকিস্তানে পৌঁছেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। আফগানিস্তান ও পশ্চিম এশিয়ার অতিরিক্ত পররাষ্ট্র সচিব রহিম হায়ত তাকে নুর খান বিমানঘাঁটিতে অভ্যর্থনা জানিয়েছেন।’
তিনি আরও লেখেন, ‘এই সফরে আমির আবদুল্লাহিয়ান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকারের সঙ্গে বৈঠক করবেন।’
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com