
নিজস্ব প্রতিবেদক : সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। এই রায়ের ফলে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহাল হওয়ার পথ সুগম হলো বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে মোট তিনটি আপিল করা হয়েছিল। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চারজন, নওগাঁর মো. মোফাজ্জল হোসেন এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পৃথকভাবে এসব আপিল করেন। গত সোমবার আপিলগুলোর শুনানি শুরু হয়, যা বুধবার শেষ হয়। আজ রায়ের জন্য দিন ধার্য ছিল।
সংশোধনীতে যা ছিল ২০১১ সালের ৩০ জুন তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী জাতীয় সংসদে পাস হয়। এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ সংবিধানের ৫৪টি বিষয়ে পরিবর্তন আনা হয়। একই সঙ্গে সংবিধানে অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলের সর্বোচ্চ শাস্তির বিধান, জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বীকৃতি এবং জাতীয় চার মূলনীতি—জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা পুনঃস্থাপন করা হয়।
আইনি লড়াইয়ের পটভূমি ২০২৪ সালের জুলাই মাসে গণ-অভ্যুত্থানের পর পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক দুটি রিট দায়ের করা হয়। চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট বাতিল-সংক্রান্ত ২০ ও ২১ নম্বর ধারা বাতিল ঘোষণা করেন। একই সঙ্গে সংবিধানের ৭ক, ৭খ এবং ৪৪(২) অনুচ্ছেদকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে বাতিল করেন আদালত।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে আপিল করা হলে আজ আপিল বিভাগ তা খারিজ করে হাইকোর্টের রায়টিই বহাল রাখলেন।
এর আগে বুধবার এক ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেছিলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যে পরিবর্তনগুলো আনা হয়েছিল, তা গণতন্ত্র ও দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছিল।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com