
গিয়াস রনি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ২৪ জন আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি। আহত ব্যক্তিদের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী রয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার লক্ষ্মীনারায়ণপুর উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন দুর্গাপুর এম. এ. মতিন দাখিল মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মো. দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক মো. ইব্রাহীম, সহকারী শিক্ষক মো. আলতাফ হোসেন, চতুর্থ শ্রেণির কর্মচারী রতন চন্দ্র দে ও শিক্ষার্থী উদয়। আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে বেগমগঞ্জ লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে লক্ষ্মীনারায়ণপুর উচ্চবিদ্যালয় মাঠে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচে চৌমুহনী মোদন মোহন উচ্চবিদ্যালয় ও দুর্গাপুর এম. এ. মতিন দাখিল মাদ্রাসা মুখোমুখি হয়। ম্যাচে রেফারিং ও খেলা পরিচালনা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
দুর্গাপুর এম. এ. মতিন দাখিল মাদ্রাসার সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, নির্ধারিত ক্রীড়া শিক্ষকের পরিবর্তে গণিতের শিক্ষককে দিয়ে খেলা পরিচালনা করা হয়। এ নিয়ে প্রতিবাদ করলে লক্ষ্মীনারায়ণপুর উচ্চবিদ্যালয়ের সাবেক ও বর্তমান কয়েকজন শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে মাদ্রাসাটির চার শিক্ষক, ১৫ শিক্ষার্থী ও একজন কর্মচারীসহ দুই পক্ষের ২৪ জন আহত হন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন লক্ষ্মীনারায়ণপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউদ্দিন। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে খেলা শেষ করার চেষ্টা করা হয়েছিল। এর মধ্যেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়েসুর রহমান বলেন, ঘটনার পর ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। উপজেলা প্রশাসনের তদন্তে গুরুতর কোনো সংঘর্ষ বা আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। খেলার মাঠে ছোটখাটো ঘটনা ঘটেছে।
