
আলামীন রংপুর : নীলফামারী জেলার ডিমলা উপজেলায় অবস্থিত বুড়ি তিস্তা ব্যারেজ আনসার ক্যাম্পে স্থানীয় জনগোষ্ঠীর একটি অংশের হামলায় ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত ৩১ ডিসেম্বর বুধবার বিকাল আনুমানিক ৫টা ০০ মিনিটে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আকস্মিকভাবে স্থানীয় জনগোষ্ঠীর একটি দল আনসার ক্যাম্পে প্রবেশ করে ক্যাম্পের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়। এ সময় তারা ক্যাম্পে সংরক্ষিত আনসার সদস্যদের রেশন সামগ্রীসহ অন্যান্য প্রয়োজনীয় মালামাল লুট করে নিয়ে যায়।
উল্লেখ্য, ঘটনার সময় ক্যাম্প এলাকায় সেনাবাহিনীর আনুমানিক ২৫ থেকে ৩০ জন সদস্য এবং পুলিশের একটি টহল দল (প্রায় ২৫ থেকে ৩০ জন সদস্য) উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে জানা গেছে। ভাঙচুর ও লুটপাটের সময় নিরাপত্তাজনিত কারণে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ক্যাম্প এলাকা ত্যাগ করেন।
ঘটনার পর থেকে বুড়ি তিস্তা ব্যারেজ আনসার ক্যাম্প ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন রংপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস এবং নীলফামারী আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মো. মাজহারুল ইসলাম ভুঁইয়া। তারা ক্যাম্পের ক্ষয়ক্ষতি ও লুটপাট হওয়া মালামালের বিষয়টি সরেজমিনে পর্যালোচনা করেন।
এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত রাখার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
