

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে মহিলা দলের এক উঠান বৈঠকে অংশ নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর–৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “নির্বাচিত সরকার ও নির্বাচিত জনপ্রতিনিধি না আসা পর্যন্ত আমাদের সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।”
শনিবার বিকেলে চৌপল্লী কেডি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ্যানি বলেন, দেশে শিগগিরই “স্বাভাবিক, সুন্দর ও নিয়মতান্ত্রিক” নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিএনপি নেতা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে নেতৃত্ব দিয়েছেন এবং তিনি গণমানুষের নেতা হিসেবে আজও স্মরণীয়। তাঁর ভাষায়, বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও “জিয়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন”।
তারেক রহমানের প্রসঙ্গে এ্যানি দাবি করেন, তিনি দেশে–বিদেশে বিভিন্ন রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করেছেন এবং ভবিষ্যতে দেশের নেতৃত্বে আসবেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে এ্যানি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশে নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে। তবে এই নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে।”
অনুষ্ঠানে জেলা বিএনপি, মহিলা দল, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com