
নিজস্ব প্রতিবেদক : নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকদের সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। এ লক্ষ্যে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।
সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক চিঠিতে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপারসহ পুলিশের সব ইউনিটকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। চিঠিতে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থাপনা ও ব্যক্তিদের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্র জানায়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহম্মেদ সামী (ওরফে আবু বক্কর, আবু মোহাম্মদ) জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিরাপত্তা সংস্থাগুলোর জন্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
চিঠিতে উল্লেখ করা হয়, এই চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং রাজধানীর শাহবাগসহ গুরুত্বপূর্ণ এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে। এ ছাড়া বিভিন্ন বাহিনীর অস্ত্রাগার লক্ষ্য করেও নাশকতার পরিকল্পনার ইঙ্গিত রয়েছে বলে গোয়েন্দা তথ্যে বলা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের সার্বিক নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছেন। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মাঠপর্যায়ে পুলিশি টহল বাড়ানো, সন্দেহভাজনদের ওপর নজরদারি জোরদার এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রবেশ নিয়ন্ত্রণ কড়াকড়ি করা হয়েছে।
একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘আমরা সম্ভাব্য হুমকিকে গুরুত্ব দিয়ে দেখছি। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ইতিমধ্যে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।’
এদিকে নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, সাম্প্রতিক সময়ে উগ্রবাদী তৎপরতার বিচ্ছিন্ন কিছু তথ্য সামনে আসায় সতর্কতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে। তাদের মতে, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও সন্দেহজনক কোনো কর্মকাণ্ড দেখলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত।
