‘নারীরা ভোটের মাধ্যমে একটি দলের মিথ্যাচারের জবাব দেবে’—খায়ের ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর–২ আসনে দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, নির্বাচনের আগে একটি দল বাড়ি–বাড়ি গিয়ে ধর্মের অপব্যাখা দিয়ে ভোট চাইছে। তাঁর দাবি, গ্রামের নারীরা এখন অনেক সচেতন এবং তারা ‘মিথ্যাচারের জবাব’ ভোটের মাধ্যমেই দেবে।

বৃহস্পতিবার দুপুরে টুমচর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালানোর সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। পরে তিনি ইউনিয়নের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করেন।

খায়ের ভূঁইয়া বলেন, ‘আমাদের প্রতিটি নির্বাচনী কর্মসূচিতে নারীদের অংশগ্রহণ আগের তুলনায় কয়েকগুণ বেড়েছে। তারা এখন বুঝতে পারছে কে সত্যিকার অর্থে তাদের কল্যাণ চান।’

লক্ষ্মীপুর–২ আসনের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘গত ১৭ বছরে এই অঞ্চলে টেকসই উন্নয়ন হয়নি। বিভিন্ন প্রকল্পের নামে আওয়ামী লীগ টাকা লুট করেছে। আমি এমপি থাকাকালে যে উন্নয়ন করেছি, সেগুলোই এখনো টিকে আছে।’ তিনি আরও দাবি করেন, ‘বিএনপি মানেই উন্নয়ন, আর আওয়ামী লীগ হচ্ছে দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের দল। সরকার গঠন করলে টুমচরে রাস্তাঘাট, শিক্ষা, সেতু–কালভার্ট, কৃষি—সব সেক্টরে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা হবে।’

প্রচারণায় উপস্থিত ছিলেন সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ভুটু, যুবদল নেতা আমির আহমেদ রাজু, ইউনিয়ন যুবদলের সভাপতি মুক্তার হোসেনসহ স্থানীয় নেতারা।