

স্টাফ রিপোর্টার :
সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী । গণসমাবেশ প্রস্তুতি প্রচার উপকমিটির উদ্যোগে এসব লিফলেট বিতরণ করা হয়।
শনিবার (১০ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় গণসমাবেশ রাজধানীর নয়াপল্টনে করার বিষয়ে এখনো অনড় বলছে বিএনপি। এই সমাবেশ উপলক্ষে দলের পক্ষ থেকে যেসব লিফলেট বিতরণ করা হয়, তাতে সমাবেশ কোথায় হবে, তা এখনো উল্লেখ করা হয়নি।
এরই ধারাবাহিকতায় আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর বেইলি রোড এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির এই নেতা আনুমানিক ১৯ মিনিট এই এলাকায় লিফলেট বিতরণ করেন। এই সময়ের মধ্যে গণমাধ্যমের সঙ্গে দুবার কথা বলেন রিজভী।
সাধারণ মানুষ ও দোকানিদের হাতে যে লিফলেট দেওয়া হয়েছে, তাতে রাজধানীর কোথায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে, তা উল্লেখ করা হয় নেই। শুধু সমাবেশের তারিখ ও সময় উল্লেখ করা হয়েছে।
ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে গত কয়েক সপ্তাহ ধরে উত্তাপ চলছে। ক্ষমতাসীন দল ও প্রশাসনের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা বলা হয়েছে। অন্যদিকে বিএনপি নয়াপল্টনে তাদের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায়। সমাবেশের স্থান নিয়ে তর্কবিতর্কের মধ্যেই বিএনপি এও বলেছে, সোহরাওয়ার্দী উদ্যানে তারা সমাবেশ করবে না। বিকল্প স্থান হিসেবে উপযুক্ত জায়গা পেলে তারা সেখানে সমাবেশ করবে। তবে সেটা যাতে ঢাকার অদূরে না হয়। সে জায়গা অবশ্যই মতিঝিল এলাকার আশপাশে হতে হবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com