
বনপাড়া পৌরসভায় বিশ্বব্যাংকের অর্থায়নে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ শুরু
রতন আলী, নিজস্ব প্রতিবেদক : নাটোরের বনপাড়া পৌরসভায় বিশ্বব্যাংকের অর্থায়নে ৮ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন, ড্রেন নির্মাণ ও আধুনিক সড়কবাতি স্থাপনের প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে ‘রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP)’-এর আওতায় এই উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।
প্রকল্পের আওতায় মহিষভাঙ্গা কাশেম শাহের পুকুর থেকে মহিষভাঙ্গা বটতলা পর্যন্ত ৪টি লিংক রোডসহ মোট ৩ হাজার ৫৬৬ মিটার সড়কে বিটুমিনাস কার্পেটিং করা হবে। এ ছাড়া ২ হাজার ১৫৩ মিটার আরসিসি ড্রেন নির্মাণ এবং সংশ্লিষ্ট সড়কগুলোতে আধুনিক সড়কবাতি স্থাপন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ব্যবস্থাপনায় বাস্তবায়নাধীন এই প্রকল্পের নানা দিক তুলে ধরা হয়। জানা যায়, প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১০ কোটি ৪৬ লাখ ৩ হাজার ৬২ টাকা নির্ধারণ করা হলেও, বর্তমানে ৮ কোটি ৬৫ লাখ ৮৭ হাজার ২৮৩ টাকা চুক্তিমূল্যে মেসার্স হোসেন এন্টারপ্রাইজ কাজটি বাস্তবায়ন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বলেন, ‘এই প্রকল্পটি বাস্তবায়িত হলে মহিষভাঙ্গা এলাকার দীর্ঘদিনের যোগাযোগ ও জলাবদ্ধতার সমস্যার স্থায়ী সমাধান হবে। বর্তমান সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সমান গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।’
অনুষ্ঠানে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস, বনপাড়া পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীরসহ স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা আশা প্রকাশ করেন, আধুনিক এই অবকাঠামো গড়ে ওঠার মাধ্যমে পৌর এলাকার সামগ্রিক নাগরিক সুবিধায় এক নতুন মাত্রা যুক্ত হবে এবং নগরবাসীর চলাচল আরও নিরাপদ ও সহজ হবে।
