
নিজস্ব প্রতিবেদক, নাটোর: নাটোরের বাগাতিপাড়া ও লালপুর উপজেলায় অবৈধ পুকুর খনন ও মাটি বিক্রির বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অভিযান পরিচালিত হয়েছে।
জানা গেছে, বাগাতিপাড়া উপজেলার স্যানালপাড়া গ্রামে এনামুল হক নামে এক ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রির অভিযোগ ওঠে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানানো হলে সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খনন কাজ বন্ধ করে দেয় এবং ব্যবহৃত দুইটি ভেকুর ব্যাটারি জব্দ করে।
অপরদিকে, লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের সেকচিলান গ্রামে চলমান আরেকটি অবৈধ পুকুর খনন কার্যক্রমে হস্তক্ষেপ করে সেনাবাহিনী। এ সময় ঘটনাস্থল থেকে চারটি ট্রাক্টর ও দুইটি হোন্ডা জব্দ করে পুলিশে সোপর্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ ধরনের অবৈধ কার্যক্রম পরিবেশ ও কৃষি জমির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। তাই সেনাবাহিনীর এই পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তা ফিরিয়ে এনেছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
