

নরসিংদী জেলার মাধবদী এক বৃদ্ধকে মাথা ফাটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলেমেয়েদের বিরুদ্ধে।
মঙ্গলবার সকালে সদর উপজেলার ছোট গদাইরচর এলাকায় নিজ বাড়িতে এমন ঘটনা ঘটে।
এ হত্যাকাণ্ডে পরস্পরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন নিহত ব্যক্তির ছেলে ও মেয়েরা।
ওই বৃদ্ধের নাম আবদুল গফুর (৮৫)। তাঁর এক ছেলে ও তিন মেয়ে। ওই বাড়িতে ছেলে ও দুই মেয়েকে নিয়ে বসবাস করেন আবদুল গফুর।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, সকাল ৮ টার সময় আবদুল গফুর রক্তাক্ত অবস্থায় ছেলে আবদুল হকের ঘরের দরজার সামনে পড়েছিলেন। তাঁর মাথার কয়েক স্থানে ফেটে গিয়ে রক্ত ঝরছিল। তবে তাঁকে আঘাত করার দৃশ্য কেউ দেখতে পাননি নিজের।
পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁর ছেলে-মেয়েরা আবদুল গফুরকে দ্রুত উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নেন। হাসপাতালে পৌঁছবার আগেই পথেই তাঁর মৃত্যু হয়।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহমুদুল কবির বাসার জানান, আবদুল গফুরকে মৃত অবস্থায় এ হাসপাতালে আনা হয়েছে। তাঁর মাথার অন্তত দুই জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য আবদুল গফুরের লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
অন্য দিকে আবদুল গফুরকে মৃত ঘোষণার পরপরই তাঁর মেয়েরা ভাই আবদুল হকের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন। এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবদুল হক পাল্টা অভিযোগ তোলেন তাঁর দুই বোনের বিরুদ্ধে।
নিহতের মেয়ে আসমা বলেন, আব্বার দুটি দোকান বছরে দুই লাখ টাকায় ভাড়া নিয়ে কয়েক মাস ধরে ওয়ার্কশপ চালাচ্ছেন একজন। ওই ভাড়ার টাকার একটি অংশ আব্বার হাতে না দিয়ে ভাইয়ের কাছে দিয়েছেন বলে দাবি করছেন ওই ব্যক্তি।
আবদুল হক বলেন, আমি বাজার থেকে ফিরে দেখি, আমার ঘরের দরজার সামনে বাবার রক্তাক্ত দেহ পড়ে আছে। পরবর্তীতে লোকজন ডেকে এনে দ্রুত হাসপাতালে নিয়ে আসি বাবাকে। আমার বোনেরা বলেন, আমি নাকি হত্যা করেছি বাবাকে। এখন তো মনে হচ্ছে, তারাই বাবাকে হত্যা করে আমাকে ফাঁসাতে চাইছে। কারণ, আমি যদি জেলে যাই, তাহলে বাবার সমস্ত সম্পত্তির ভোগদখল তারাই করতে পারবে।
মাধবদী থানার ওসি নজরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থল ও হাসপাতালে যায় পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা হত্যার সঙ্গে জড়িত আছে, পুলিশি তা তদন্ত করছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com