নয়াপল্টনে শ্রমিক সমাবেশে তারেক রহমানের বক্তব্য: কৃষক-শ্রমিকের উন্নয়নেই দেশ এগিয়ে যাবে

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

ঢাকা প্রতিনিধি : স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে, কিন্তু তারা সময়মতো ও পর্যাপ্ত পানি পাচ্ছে না। এ পরিস্থিতি পরিবর্তনে খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “কৃষক ও শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করতে পারলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন সম্ভব। শ্রমিকদের স্ত্রীরা ফ্যামিলি কার্ড পাবেন। কৃষকদের জন্য ১০ হাজার টাকা ঋণ মওকুফ করা হয়েছে। কৃষক কার্ড চালুর বিষয়েও কাজ চলছে।”

তিনি আরও বলেন, এখন তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারছেন, তবে কয়েক বছর আগেও এই রাজপথ ছিল আতঙ্কের জায়গা। বিএনপি বা এর অঙ্গ-সংগঠন কোনো কর্মসূচি পালন করতে গেলে হামলার আশঙ্কা থাকত বলে দাবি করেন তিনি।

তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসনের অবসান ঘটে। দীর্ঘ সময় ধরে শ্রমিক, ছাত্র, শিক্ষক, নারীসহ সাধারণ মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে দেশের অর্থনীতিকে লুটপাটের মাধ্যমে ধ্বংস করা হয়েছিল। সেই পরিস্থিতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।