

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ :
সুনামগঞ্জের ধোপাজান নদীসহ জেলার সব নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র জেলা শাখা।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে শহরের আলফাত স্কয়ারে এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে এনসিপির নেতা-কর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা ধোপাজান নদী থেকে অবৈধভাবে বালু লুট বন্ধ, সিলেট–সুনামগঞ্জ মহাসড়ককে চার লেনে উন্নীত করা, সদর হাসপাতালের অব্যবস্থাপনা বন্ধ এবং শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণ—এই চার দফা দাবি তুলে ধরেন।
এনসিপি নেতা মেহেদী হাসান সাকিবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক আবু সালেহ নাসিম, সদস্য শাহিনুর রহমান, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ওসমান গণী, যুগ্ম আহ্বায়ক সাইমন, ও সদস্য সচিব রেজানুল হক নেহাল প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ধোপাজান নদী থেকে সনাতন পদ্ধতিতে শ্রমিকদের মাধ্যমে বালু উত্তোলনের পরিবর্তে ‘লিমপিড ইঞ্জিনিয়ারিং কোম্পানি’ নামের একটি প্রতিষ্ঠান রাতের আঁধারে যান্ত্রিকভাবে বালু লুট করছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে এবং স্থানীয় শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ছেন।
তাঁরা আরও বলেন, সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নীত না হওয়ায় সড়ক দুর্ঘটনা বাড়ছে। পাশাপাশি সদর হাসপাতালে অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না।
মানববন্ধনে সাধারণ শ্রমিকরাও উপস্থিত থেকে এনসিপির দাবির প্রতি সমর্থন জানান।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com