ধর্মপাশায় সেনাবাহিনীর অভিযানে দুজন আটক

নিজস্ব প্রতিবেদক: সাইফ উল্লাহ
প্রকাশ: ৬ মাস আগে

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক পুলিশ সদস্যসহ দুজনকে আটক করা হয়েছে। অভিযানে তাঁদের কাছ থেকে মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ভোরে উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মধ্যনগর থানার পুলিশ সদস্য সম্রাট আলী (২৯) এবং সুমন চন্দ্র সরকার (৩২)। সম্রাট আলীর বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলার মাফলাবাড়ি গ্রামে এবং সুমন চন্দ্র সরকার মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের বাসিন্দা।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানের সময় তাঁদের কাছ থেকে ১৯টি ইয়াবা ট্যাবলেট, এক পুরিয়া হিরোইন, হিরোইন বিক্রির হিসাবসংক্রান্ত দুটি রেজিস্টার, হিরোইন মাপার দুটি যন্ত্র, নগদ ৫ হাজার ৫০০ টাকা, চারটি মুঠোফোন এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে ধর্মপাশা সেনাবাহিনী।