
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় নাসিম মিয়া (৩৮) নামের এক চা-দোকানি নিহত হয়েছেন।
আজ রোববার (৭ জুন) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের কারির বাজারে এ ঘটনা ঘটে।
নিহত নাসিম মিয়া সুনই গ্রামের মঞ্জুরুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাসিম মিয়া পেশায় একজন চা-দোকানি। আজ সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে কারির বাজারে নিজের দোকানে যাচ্ছিলেন। পথে আগে থেকে ওত পেতে থাকা একই গ্রামের অলি, ডালি, আনু, সফু ও মোশারফসহ ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। নাসিমের আত্মচিৎকার শুনে তাঁর বড় ভাই আল-আমিনসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মুঃ আবু রায়হান সজিব জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসিমের মৃত্যু হয়েছে।
নিহতের বড় ভাই আল-আমিনের অভিযোগ, "আমার চাচাতো বোনকে নিয়ে প্রতিপক্ষের লোকজন আমাদের হয়রানি করে আসছিল। আমার ভাই নাসিম এ ঘটনার প্রতিবাদ ও বাধা দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।"
ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
খবর পেয়ে ধর্মপাশা থানা-পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com