
নিজস্ব প্রতিবেদক : উৎসব-উল্লাসের মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরণে প্রস্তুত দেশ। তবে এই আনন্দঘন সময়েই ভিন্নধর্মী এক বার্তা দিয়েছেন ইসলামী চিন্তাবিদ ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী। তিনি নতুন বছর শুরু করতে দোয়া, নামাজ ও আত্মজিজ্ঞাসার ওপর গুরুত্বারোপ করেছেন।
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, পহেলা বৈশাখকে ঘিরে মানুষ নানা আয়োজন ও আনন্দে মেতে ওঠে। কিন্তু একজন সচেতন মুসলমানের উচিত এই সময়টিকে আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির সুযোগ হিসেবে গ্রহণ করা।
তিনি বলেন, “নতুন বছর আমাদের সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। তাই এই সময়টি হওয়া উচিত নিজের জীবন পর্যালোচনার—গত বছরে কী অর্জন করেছি, কোথায় ভুল করেছি এবং আগামী দিনে কীভাবে নিজেকে আরও উন্নত করা যায়, তা ভাবার।”
সময় ও জীবনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আল্লাহ তাআলা সূর্য ও চন্দ্র সৃষ্টি করেছেন সময়ের হিসাব নির্ধারণের জন্য। তাই নববর্ষের মতো গুরুত্বপূর্ণ মুহূর্তে এমন কোনো কাজে জড়ানো উচিত নয়, যা মানুষের আমলনামাকে কলঙ্কিত করে।
এ প্রসঙ্গে তিনি হজরত আলী (রা.)-এর একটি বাণী উল্লেখ করেন: “রাতের আঁধারে এমন কোনো কাজ করো না, যার জন্য দিনের আলোতে লজ্জিত হতে হয়।”
তিনি আরও বলেন, একজন প্রকৃত মুমিন প্রতিদিনই নিজের আমলের হিসাব নেয়। তাই নববর্ষের সূচনা হতে পারে তাহাজ্জুদ নামাজ, ফজরের নামাজ, দোয়া ও নফল ইবাদতের মাধ্যমে—যা মানুষকে আল্লাহর আরও নিকটবর্তী করে।
তিনি মুসলমানদের প্রতি আহ্বান জানান, অতীতের ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করতে এবং নতুন বছরে সৎ ও ন্যায়নিষ্ঠ জীবন গড়ার অঙ্গীকার করতে।
তিনি বলেন, “আমাদের প্রতিটি দিন যেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে পরিচালিত হয় এবং আমরা কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন গড়ে তুলতে পারি।”
নববর্ষ উপলক্ষে তিনি দেশ, জাতি ও বিশ্ববাসীর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি সবাইকে বিপদ-আপদ থেকে রক্ষার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
উল্লেখ্য, হাফিজ মাছুম আহমদ দুধরচকী সিলেটের কদমতলীতে অবস্থিত হযরত দরিয়া শাহ (রহ.) মাজার জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব এবং জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com