
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : দেবহাটা উপজেলার কুলিয়া কাঁচা বাজার ও ইউনিয়ন পরিষদ সংলগ্ন উচ্ছেদকৃত মসজিদটি পুনরায় অন্যত্র নির্মাণের লক্ষ্যে স্থানীয়ভাবে ১৩ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় কুলিয়া ইউনিয়ন পরিষদ মোড় চত্বরে এক জরুরি আলোচনা সভার মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দীর্ঘদিন ধরে কুলিয়া কাঁচা বাজার ও ইউনিয়ন পরিষদে আগত মুসল্লিরা ওই মসজিদে নিয়মিত নামাজ আদায় করতেন। বাজার সংলগ্ন মসজিদটি ভেঙে ফেলায় মুসল্লিরা চরম ভোগান্তিতে পড়েন। এলাকাবাসীর ধর্মীয় উপাসনালয়ের গুরুত্ব বিবেচনায় নিয়ে পাকা স্থাপনা নির্মাণের আগে জরুরি ভিত্তিতে একটি টিনশেড মসজিদ স্থাপনের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মসজিদ নির্মাণের রূপরেখা তৈরিতে স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভায় বক্তারা বলেন, মুসল্লিদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে দ্রুত সময়ের মধ্যে মসজিদটি স্থানান্তর ও নির্মাণ করা অত্যন্ত জরুরি।
সভায় বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, কুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা সাদিকুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির বাবু, কুলিয়া ইউনিয়ন বিএনপির সেক্রেটারি দেলোয়ার হোসেন বাবলু এবং জামায়াত নেতা মাছুম খান চৌধুরী ও বিএনপি নেতা আমিনুর রহমান।
উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আমিনুর রহমানকে আহবায়ক করে ১৩ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—মাওলানা সাদিকুল ইসলাম, মেহেদী হাসান সবুজ, মাসুম খান চৌধুরী, মাওলানা রুহুল আমিন, দেলোয়ার হোসেন বাবলু, সাংবাদিক রুহুল আমিন, আব্দুস সামাদ গাজী, সিরাজুল ইসলাম মোড়ল, অ্যাডভোকেট আল আমিন, রওশন সরদার, আবুল কাশেম ও মাওলানা ইয়াকুব আলী।
সভায় দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডা. অহিদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দ্রুততম সময়ের মধ্যে মসজিদ নির্মাণের প্রক্রিয়া শুরু করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com