
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হোটেল, চায়ের দোকান ও মুরগির দোকানসহ অন্তত ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতের শেষ ভাগে হঠাৎ একটি দোকান থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। দিঘলী বাজার জামে মসজিদের মাইকে আগুন লাগার ঘোষণা দেওয়া হলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই ছোট-বড় মিলিয়ে মোট ছয়টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনে দোকানগুলোর মালামাল, আসবাব ও নগদ অর্থও পুড়ে গেছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইউসুফ বলেন, “ফজরের নামাজ পড়ে বাড়িতে ছিলাম। হঠাৎ ফোনে আগুন লাগার খবর পাই। এসে দেখি আমার দোকানসহ কয়েকটি দোকান পুরোপুরি পুড়ে গেছে।” আরেক ব্যবসায়ী হোসেন মেম্বার বলেন, “সবকিছু শেষ হয়ে গেছে। এখন পরিবার চালানোই কঠিন হয়ে পড়বে।”
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।”
স্থানীয় বিএনপি নেতা গোলাম সরওয়ার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসন ও আর্থিক সহায়তার দাবি জানান। তিনি পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির হস্তক্ষেপ কামনা করেন।
প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তার ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com