দাগনভূঞায় লাইসেন্স নবায়ন না থাকায় ইটভাটাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক : ফেনীর দাগনভূঞা উপজেলায় লাইসেন্স নবায়ন না থাকায় ‘ইকবাল ব্রিকস’ নামের একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকেলে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দাগনভূঞা উপজেলায় লাইসেন্সবিহীন ও নবায়নহীন ইটভাটাগুলোর বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে শুক্রবার বিকেলে ‘ইকবাল ব্রিকস’-এ অভিযান চালানো হয়। এ সময় ইটভাটাটির লাইসেন্স নবায়ন না থাকায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “লাইসেন্সবিহীন বা নবায়নহীন ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।