ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৬ মাস আগে

এস আলমগীর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তবর্তী এলাকা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর উদ্যোগে রবিবার (২৫ জানুয়ারী) বিকালে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদরের ৫৩ বিজিবি ক্যাম্পে আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে সীমান্ত নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির গৃহীত প্রস্তুতি তুলে ধরা হয়। ব্রিফিংয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা, চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সার্বক্ষণিক টহল ও নজরদারি জোরদার করেছে। একই সঙ্গে পুলিশ, প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার কথাও জানান।

আগামী  জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত। বিজিবি কর্মকর্তা আরও জানান, সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্বাচনকে ঘিরে এমন নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশাই সবার।