
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর খাঁ পাড়ায় ১৬ বছর বয়সী এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহত কিশোরীর নাম আশা (১৬)। সে এলাকার আয়ুব আলী খাঁ’র ছেলে রিয়াদ খাঁ’র স্ত্রী।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে আশা হাসপাতালে নিয়ে আসেন তার স্বামী। তবে হাসপাতালে আনার সময়ই কর্তব্যরতরা তাকে মৃত অবস্থায় পান। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
হাসপাতাল সূত্রে আরও জানা যায়, মৃত ঘোষণার পরপরই রিয়াদ খাঁ হাসপাতাল ত্যাগ করেন এবং এরপর থেকে নিখোঁজ রয়েছেন।
এলাকাবাসীর অভিযোগ, আশা স্বাভাবিকভাবে মারা যাননি। তারা দাবি করেছেন, এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা—ঘটনার প্রকৃত কারণ সুষ্ঠু তদন্ত ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়। স্বামীর রহস্যজনক উধাও হওয়ার বিষয়টিও সন্দেহ আরও জোরদার করেছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। প্রাথমিক তদন্ত ও সুরতহাল শেষে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাবে।”
