

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেনকে দেখতে গেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বেলালের হাতে নগদ ৪ লাখ টাকা আর্থিক সহায়তা তুলে দেন।
রোববার (২১ ডিসেম্বর) রাত ৯টার দিকে রিজভী হাসপাতালে এসে বেলালের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন। বেলাল কেন্দ্রীয় নেতাদের দেখে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। পরে রিজভী ও এ্যানি বেলালের কাছে ঘটনার বিস্তারিত জানতে চান। বেলাল হোসেন তাদের কাছে পুরো ঘটনাটি তুলে ধরেন।
রিজভী ও এ্যানি বেলালের চিকিৎসা ও ঘর পুনর্নির্মাণের বিষয়ে আশ্বাস দেন। পরে তারা সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে বেলালের বাড়িতে যান এবং সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন।
ঘটনার প্রেক্ষাপট: শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের ঘরে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে বেলালের কন্যা আয়েশা আক্তার (৮) দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া বেলাল হোসেন ও তার দুই মেয়ে স্মৃতি আক্তার (১৭) এবং সামিয়া আক্তার বিথি (১৪) গুরুতর দগ্ধ হন।
বর্তমানে বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার বড় মেয়ে স্মৃতি আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। চিকিৎসকদের মতে, স্মৃতির শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত দুর্বৃত্তরা কে বা কারা আগুন লাগিয়েছে তা নিশ্চিতভাবে বলা যায়নি। পরিবারও তেমন কোনো প্রমাণ দিতে পারেনি। ঘটনার দুই দিন পার হলেও এখনও মামলা দায়ের হয়নি।
ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ হোসেন বলেন, "বেলাল হোসেনের ওপর এই নৃশংস হামলা পরিকল্পিত। দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।"
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানান, কেন্দ্রীয় নেতারা বেলালের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণের সকল ব্যবস্থা নিশ্চিত করবেন।
তিনি বলেন, "দল শারীরিক ও মানসিকভাবে আহত পরিবারের পাশে আছে।"
রুহুল কবির রিজভী বলেন, "বেলাল হোসেন ও তার পরিবার দলের জন্য গুরুত্বপূর্ণ। আমরা চিকিৎসা ও পুনর্বাসনের সব ধরনের সহায়তা নিশ্চিত করব। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।"
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com