

ঢাকার ধামরাইয়ে তরুণ-তরুণীকে একটি কক্ষে আটকে রেখে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আদায়ের অভিযোগে ৪ জনকে আটক করেছে র্যাব। এসময় জিম্মি করা ওই তরুণ-তরুণীকেও উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৪ মে) সকালের দিকে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া গ্রামের মোকলেছুর রহমানের বাড়ি থেকে ওই তরুণ-তরুণীকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকোড়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মো. আল আমিন (৩০), কৃষ্ণ পুরা গ্রামের মৃত মহর আলীর ছেলে মো. আরিফুজ্জামান পিন্টু (৩৬), বারবাড়িয়া গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে মো. আবু বকর সিদ্দিক (৩৫) ও চারিপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে মো. আরিফুল ইসলাম (৩৭)।
ভুক্তভোগী তরুণ (১৯) ও তরুণী (১৬) মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৃষি প্রশিক্ষণ ইনিস্টিটিউটের শিক্ষার্থী।
র্যাব জানায়, সাভার থেকে ফোন সারাই করে সোমবার রাত ১১টার দিকে বারবাড়িয়া বাসস্ট্যান্ডে নামেন ওই তরুণী। এসময় সেখানে তার সঙ্গে দেখা হয় ওই তরুণের। পরে তারা একত্রে বাড়ির দিকে যেতে থাকলে গ্রেফতার আসামিরা তাদেরকে পথরোধ করে বিভিন্ন প্রশ্ন করে ও ভয়ভীতি দেখাতে থাকে। একপর্যায়ে তারা তাদেরকে মোকলেছুর রহমানের বাড়ির একটি কক্ষে নিয়ে আটকে রেখে ছবি তুলে এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সংবাদপত্রে প্রকাশ করার হুমকি দিয়ে তরুণের বাবার কাছে ফোনে ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করে। টাকা না পেয়ে তারা ওই দুইজনকে রাতভর আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে।
পরে সকালের দিকে ওই তরুণ টাকা আনার কথা বলে কৌশলে র্যাবকে বিষয়টি জানালে সিপিসি-৩ র্যাব-৪ এর একটি দল ঘটনাস্থলে গিয়ে দুইজনকে উদ্ধার করে ও জড়িত ৪ জনকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল, ১টি বাজাজ পালসার মোটরসাইকেল ও চাঁদাবাজির নগদ ৩২ হাজার টাকা জব্দ করে।
এবিষয়ে মানিকগঞ্জ সিপিসি-৩ র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আরিফ হোসেন বলেন, আটকদের বিরুদ্ধে ধামরাই থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com