
নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। আজ রোববার দুপুরে তিনি উপাচার্য বরাবর পদত্যাগপত্র পাঠান।
পরে বিকেল পৌনে ৪টার দিকে সমকালকে বিষয়টি নিশ্চিত করেন তিনি নিজেই।
সাইফুদ্দীন আহমদ বলেন, দীর্ঘদিন প্রক্টরের দায়িত্ব পালনের পর তিনি এখন প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান। তার ভাষায়, “বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন চ্যালেঞ্জ ও ঝুঁকির সময় আমি দায়িত্ব পালন করেছি। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ও ভারসাম্যপূর্ণ অবস্থায় এসেছে।”
তিনি আরও বলেন, প্রক্টর হিসেবে দায়িত্ব পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চাপপূর্ণ। সেই দায়িত্ব থেকে কিছুটা অবসর নিতে ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
কোনো ধরনের চাপের কারণে নয়—এমনটি স্পষ্ট করে তিনি বলেন, “এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।”
এর আগে ২০২৪ সালের ২৮ আগস্ট, আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ঢাবি প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
