ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বেলজিয়াম ও ইইউতে রাষ্ট্রদূত হচ্ছেন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে ভারত সরকার।

শুক্রবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্তা সংস্থা এএনআই এ খবর প্রকাশ করেছে।

সরকারি বিবৃতিতে বলা হয়, প্রণয় ভার্মা (আইএফএস: ১৯৯৪), বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে বেলজিয়াম এবং ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি শিগগিরই নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

২০২২ সালের সেপ্টেম্বর থেকে তিনি ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তির পর ব্রাসেলসে এই দায়িত্বকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

জানা গেছে, গত ২৭ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তির পর দুই পক্ষের মধ্যে পণ্য, সেবা ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা ২০২৭ সালের শুরুতে কার্যকর হতে পারে।

এই চুক্তির আওতায় ভারতের প্রকৌশল ও উৎপাদন খাতে প্রায় ৩০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইউরোপের প্রায় ২ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকারের ফলে ভারতের বৈশ্বিক বাণিজ্য সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

প্রণয় ভার্মা বাংলাদেশে দায়িত্ব নেওয়ার আগে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন। তিনি ভারতীয় পররাষ্ট্র সার্ভিসের ১৯৯৪ ব্যাচের কর্মকর্তা। এর আগে হংকং, স্যান ফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু ও ওয়াশিংটন ডিসিতে বিভিন্ন কূটনৈতিক পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি ২০১৯ সালে হ্যানয় দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব-এশিয়া বিভাগের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া পরমাণু কূটনীতি বিষয়ক অ্যাটমিক এনার্জি বিভাগের সঙ্গেও যুক্ত ছিলেন।

যন্ত্রকৌশলে স্নাতক প্রণয় ভার্মা ফরেন সার্ভিসে যোগদানের আগে টাটা স্টিলে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে চীনা ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।