
নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জ-১ আসনের সাবেক ফ্যাসিস্ট সরকারের আমলে ‘গায়েবি’ মামলার শিকার ও কারানির্যাতিত নেতাকর্মীদের সম্মানে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
গতকাল শুক্রবার (১২ জুন) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভার আয়োজন করেন তিনি।
দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর—এই চার উপজেলার কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। ইঞ্জিনচালিত নৌকা ও স্পিডবোটে করে হাওরের বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীদের পদচারণায় টাঙ্গুয়ার হাওর এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আনিসুল হক। তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জূনাব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও ‘হাওর বন্ধু’ খ্যাত কামরুজ্জামান কামরুল।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, “বিগত সরকারের চরম দুঃসময়ে আপনারা যে লড়াই-সংগ্রাম করেছেন এবং গায়েবি মামলার শিকার হয়ে কারানির্যাতন ভোগ করেছেন, তার মর্যাদা রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের এই ত্যাগ ও সাহসিকতা দল ও দেশের সম্পদ।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও সাবেক ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, সাবেক জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক আফিন্দী, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল ও রাখাব উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সফিকুর রহমান, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত ও নুরুল ইসলাম বিএইচসি প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল প্রায় আট শ কারানির্যাতিত ও নির্যাতিত নেতাকর্মীর মাঝে বিশেষ সহায়তা হিসেবে ক্র্যাচ বিতরণ করেন। দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই-সংগ্রামের সাথীদের সাথে এমন একটি দিন কাটাতে পেরে নেতাকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। আয়োজকরা জানিয়েছেন, আগামী দিনে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত করতে এবং তৃণমূল নেতাকর্মীদের মনোবল চাঙা রাখতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com