
মো. আনোয়ার হোসেন, বড়াইগ্রাম প্রতিনিধি : নাটোর জেলার ছয়টি উপজেলায় আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী এক লাখ ৪৪ হাজার ৪১৪ শিশুকে বিনামূল্যে টিকা দেওয়া হবে।
রোববার দুপুরে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. কামাল উদ্দিন ভূইয়া নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, জেলার ২ হাজার ৩০০টি শিক্ষা প্রতিষ্ঠান, আউটরিচ ও স্থায়ী টিকাদান কেন্দ্রে একযোগে এই ক্যাম্পেইন পরিচালিত হবে।
সিভিল সার্জন আরও জানান, পূর্বে এক বা একাধিক ডোজ হামের টিকা গ্রহণ করলেও নির্ধারিত বয়সসীমার মধ্যে থাকা শিশুদের এই ক্যাম্পেইনে এক ডোজ টিকা গ্রহণ করতে হবে। পাশাপাশি নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ৯ ও ১৫ মাস বয়সে হামের টিকা নেওয়া বাধ্যতামূলক। তবে দুই ডোজের মধ্যে অন্তত ২৮ দিনের ব্যবধান রাখতে হবে।
এদিকে গত ৫ এপ্রিল থেকে নাটোর সদর উপজেলা-এ চলমান বিশেষ টিকাদান কার্যক্রমে এখন পর্যন্ত ২৪ হাজার ৪৩০ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিভাগ আশা করছে, আগামী ২৫ এপ্রিলের মধ্যে আরও ৪ হাজার ৪৯৫ জন শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হবে। সব মিলিয়ে সদরসহ জেলার সাতটি উপজেলায় মোট ১ লাখ ৭৩ হাজার ৩৩৯ জন শিশুকে এই টিকা দেওয়া হচ্ছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com