জিলবুনিয়া দরবার শরীফের পীর হাবিবুর রহমানের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

হাসান মামুন : দক্ষিণাঞ্চলের প্রখ্যাত আলেমে দ্বীন, দ্বীনি মুরব্বি ও সমাজসংস্কারক বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার জিলবুনিয়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ মাওলানা হাবিবুর রহমান (রহ.)-এর দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় মরহুমের জানাজা নামাজ তাঁর নিজ হাতে গড়ে তোলা বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জিলবুনিয়া দরবার শরীফ জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজায় বিপুলসংখ্যক আলেম-ওলামা, ভক্ত-মুরিদান, ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

এর আগে গত ২৮ ডিসেম্বর রোববার স্থানীয় সময় দুপুর আনুমানিক পৌনে ১টার দিকে পবিত্র মক্কা শরীফে ওমরাহ পালনরত অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালের খবরে দেশ-বিদেশে অবস্থানরত অসংখ্য ভক্ত-মুরিদান ও অনুসারীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

মাওলানা হাবিবুর রহমান (রহ.) ছিলেন একজন সুপরিচিত আলেম, দ্বীনের খাদেম ও সমাজসংস্কারক। আজীবন তিনি দ্বীনি শিক্ষা বিস্তার, নৈতিক চরিত্র গঠন ও মানবসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তাঁর প্রতিষ্ঠিত হাবিবুল্লাহ আবাদ দরবার শরীফ, হাবিবুল্লাহ আবাদ ইসলামিয়া সিদ্দিকিয়া এন এস কামিল মাদ্রাসা, মসজিদ, খানকাহ, এতিমখানা ও অন্যান্য ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এলাকায় দ্বীনি ও নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

ব্যক্তিজীবনে তিনি ছিলেন বিনয়ী, পরহেজগার ও আদর্শবান। তাঁর দাওয়াতি কার্যক্রম ও নৈতিক শিক্ষায় অনুপ্রাণিত হয়ে বহু মানুষ ইসলামের পথে ফিরে এসেছে বলে স্থানীয়রা জানান।

মরহুম ছয় পুত্র, তিন কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য ভক্ত-মুরিদান ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ইন্তেকালে জিলবুনিয়াসহ পিরোজপুর ও আশপাশের বিভিন্ন এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

মরহুমের রূহের মাগফিরাত কামনায় বিভিন্ন স্থানে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।