জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচিতে অংশ নেওয়া পিরোজপুরের দুই প্রবীণকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর : স্বাধীনতার পর দেশের পুনর্গঠন ও কৃষি উন্নয়নের লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শুরু করা ‘স্বেচ্ছায় খাল কাটা কর্মসূচি’-তে অংশ নেওয়া পিরোজপুরের দুই প্রবীণকে সম্মাননা জানানো হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) জেলার ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলায় এক অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন হেদায়েতুল ইসলামশাহজাহান বাদশা। তাঁরা ১৯৭৭ সালে জিয়াউর রহমানের আহ্বানে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে স্বেচ্ছাশ্রমে অংশ নিয়েছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম কিসমত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও দৈনিক কালের কণ্ঠ-এর যুগ্ম সম্পাদক হাফিজ আল আসাদ সাঈদ খান, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রেজা পহলভি মাসুম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুল কবির লীন এবং জেলা বিএনপির সাবেক সদস্য আখতারুজ্জামান শেখ রাহাদ

সম্মাননা গ্রহণের পর প্রবীণ দুই স্বেচ্ছাসেবক বলেন, ‘দেশ গঠনের কাজে অংশ নেওয়াটা আমাদের জীবনের গর্বের বিষয়। আজকের এই স্বীকৃতি আমাদের জন্য বড় প্রাপ্তি।’

অনুষ্ঠানে বক্তারা বলেন, জিয়াউর রহমান জনগণকে সম্পৃক্ত করে কৃষিনির্ভর উন্নয়নের উদ্যোগ নিয়েছিলেন। তাঁর নেতৃত্বে শুরু হওয়া খাল কাটা কর্মসূচি গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। এ সময় এলাকা উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।