

লক্ষ্মীপুর প্রতিনিধি :
জামায়াতে ইসলামীর প্রার্থী ড. রেজাউল করিমের একটি বক্তব্যকে ‘ফ্যাসিস্টদের ভাষার সঙ্গে মিল রয়েছে’ উল্লেখ করে তা প্রত্যাহারসহ ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ও দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ইসলাম মার্কেট এলাকায় নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন এ্যানি। এ সময় তিনি জামায়াতের ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি ও দলীয় প্রার্থী ড. রেজাউল করিমের বক্তব্যের সমালোচনা করেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, একটি টকশোতে দেওয়া বক্তব্যে জামায়াতের প্রার্থী এক ধরনের রাজনীতিবিদকে এতিম ও দুঃস্থদের টাকা আত্মসাতের সঙ্গে জড়িত বলে ইঙ্গিত দিয়েছেন। এ ধরনের বক্তব্য এর আগেও ফ্যাসিস্ট সরকার ও তাদের সহযোগীরা ব্যবহার করেছে। যদিও তিনি সরাসরি খালেদা জিয়ার নাম নেননি, তবে বক্তব্যটি যে তাঁকে উদ্দেশ করেই দেওয়া হয়েছে, তা স্পষ্ট।
এ্যানি আরও বলেন, “খালেদা জিয়া শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিকভাবেও একজন সম্মানিত নেত্রী। তাঁকে ইঙ্গিত করে এ ধরনের বক্তব্য দেওয়া অত্যন্ত নিন্দনীয়। এটি ফ্যাসিস্টদের ভাষারই পুনরাবৃত্তি।”
তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যম তাঁর বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করেছে। এ বিষয়ে তিনি বলেন, “আমি কী প্রত্যাহার করেছি—সেটা স্পষ্ট। কিন্তু যিনি এতিমের টাকা আত্মসাতের মতো গুরুতর অভিযোগ তুলেছেন, তিনি কি খালেদা জিয়াকে অসম্মান করেননি?”
এ্যানি বলেন, জামায়াতের প্রার্থীকে শুধু বক্তব্য প্রত্যাহার করলেই হবে না; তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। “আমার নেত্রীকে অবজ্ঞা ও অসম্মান করে ফ্যাসিস্টদের মতো বক্তব্য দিয়েছেন। তাই লক্ষ্মীপুরের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।” তিনি দাবি করেন, সংশ্লিষ্ট বক্তব্যের ভিডিও রেকর্ডিং তাঁর কাছে রয়েছে।
এ সময় গণসংযোগে জেলা বিএনপি নেতা আবুল হাশেম, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনসহ বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com