
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট : জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি-নির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল সংবর্ধনা জানিয়েছে বাগেরহাট প্রেসক্লাব।
গতকাল শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক মিলনমেলায় এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি আবু সাঈদ শুনু অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় তিনি সাংবাদিকতার মানোন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় এবং পেশাদার সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে জাতীয় সাংবাদিক সংস্থার বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো ও তথ্য ও প্রযুক্তি সচিব মো. নুরনবী সোহেল। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হাসান মামুনসহ সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা রক্ষা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মফস্বল সাংবাদিকরাই তৃণমূল মানুষের জীবনসংগ্রাম ও সম্ভাবনার কথা জাতীয় পর্যায়ে তুলে ধরেন। ৪৫ বছরের ঐতিহ্যবাহী এই সংগঠনকে আরও গতিশীল করতে সাংবাদিক প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন কর্মশালা এবং প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার প্রসারে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, সাংবাদিকতার স্বার্থে সকল বিভেদ ভুলে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে হবে। সংগঠনের প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের আদর্শ ও দূরদর্শী নেতৃত্বই সংগঠনটিকে আজকের মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে এসেছে।
অনুষ্ঠানে বাগেরহাট জেলা শাখার সভাপতি এম. হেদায়েত হোসাইন লিটন, সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেনসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
