জাতীয় শোক দিবস উপলক্ষে টেকনাফে বিজিবি উদ্যোগে গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ (কক্সবাজার) :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজার টেকনাফে বিজিবি’র উদ্যোগে গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন করা হয়েছে।

টেকনাফ ২বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য করেন।

তিনি জানান, ১৫ আগস্ট (মঙ্গলবার) সকালে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে যথাযথ মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে দেশব্যাপী জাতীয় শোক দিবস পালিত হয়। উক্ত দিবসটি উদযাপন উপলক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার রিজিয়নের, রামু সেক্টরের অধীনস্থ টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ টেকনাফ বিওপি’র দায়িত্বপূর্ণ টেকনাফ জেটিঘাট এলাকায় সীমান্তবর্তী ২৫০জন গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ ছাড়াও দিবসটি উদযাপন উপলক্ষ্যে ওই স্থানে টেকনাফ ব্যাটালিয়নের নিজস্ব ব্যবস্থাপনায় মেডিকেল অফিসার ক্যাপ্টেন মিনা আসিফ কবীরের নেতৃত্বে গরীব দুঃস্থদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠানে মোট ৩৫৩ জন প্রান্তিক জনগনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত ত্রান বিতরণ এবং মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ, বিজিবিএমএস এবং উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ লতিফুল বারী । ত্রাণ বিতরণ এবং মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠানে টেকনাফ উপজেলার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন সদরসহ সকল বিওপি’র মসজিদে কোরআন খতম, বাদ যোহর বিশেষ মোনাজাত, ব্যাটালিয়ন সদর ও অধীনস্থ বিওপি/ক্যাম্পে জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ আলোচনা সভা ও ভিডিও প্রদর্শনী আয়োজন করা হয়। এছাড়াও টেকনাফ ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত বর্ডার গার্ড পাবলিক স্কুল এবং প্রাইমারী স্কুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী’র উপর রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।