
যশোর প্রতিনিধি : যশোর পৌরসভাকে জলাবদ্ধতামুক্ত করতে চলমান উন্নয়নকাজে গতি এসেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী ও যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। তাঁর দাবি, এসব কাজ বাস্তবায়িত হলে চলতি বর্ষা মৌসুমে আগের তুলনায় পৌরবাসীর ভোগান্তি অন্তত অর্ধেকে নেমে আসবে।
শুক্রবার সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ভোলাট্যাংক সড়ক থেকে এমএম আলী সড়ক (গুরুদাস বাবু লেন) পর্যন্ত আরসিসি উন্নয়নকাজের উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যশোর পৌরসভা দেশের প্রাচীন পৌরসভাগুলোর একটি হলেও দীর্ঘদিন ধরে অনেক সড়ক জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা তৈরি হয়ে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সড়ক সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে পৌরসভার সব গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার ও উন্নয়ন করা হবে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নেও কাজ চলছে।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ জানান, গুরুদাস বাবু লেনের ৩৫৫ মিটার দৈর্ঘ্য ও ৬ মিটার প্রস্থের সড়কটি আরসিসি দ্বারা উন্নয়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭০ লাখ টাকা। কাজটি দ্রুতগতিতে এগোচ্ছে এবং আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পৌরসভার প্রশাসক রফিকুল হাসানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে ওই এলাকার সড়কে দীর্ঘদিন ধরে পানি জমে থাকত, ফলে চলাচলে ভোগান্তি ছিল নিত্যদিনের। উন্নয়নকাজ দ্রুত শেষ হলে পরিস্থিতির উন্নতি হবে বলে তারা আশা করছেন।
