

ডেস্ক নিউজ : সারাদেশে টেকসই পানি ব্যবস্থাপনা, নদী পুনঃখনন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং পরিবেশবান্ধব জীবিকা গঠনের লক্ষ্যে ১৮টি নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে জলবায়ু পরিবর্তন ট্রাস্টি বোর্ড।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত বোর্ডের ৬৫তম সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— বাগেরহাট, নওগাঁ, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় ‘প্রাকৃতিক সম্পদ, নবায়নযোগ্য জ্বালানি ও নিরাপদ পানির মাধ্যমে জলবায়ু সহনশীল পরিবেশ গঠন’ প্রকল্প। নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বড়াল নদী ও মির্জা মাহমুদ খাল পুনঃখনন এবং সৌন্দর্যবর্ধনের জন্য পৃথক প্রকল্প অনুমোদন করা হয়েছে।
এছাড়া মুন্সিগঞ্জে রজতরেখা নদী পুনঃখনন, জামালপুরের ইসলামপুর উপজেলায় আলাই ও যমুনা নদীর তীর সংরক্ষণ, এবং লক্ষ্মীপুরের চরশাহী ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প নেওয়া হয়েছে।
উপকূলীয় ও খরা-প্রবণ এলাকায় পানি সংকট মোকাবেলায় সাতক্ষীরার কালিগঞ্জ, দেবহাটা ও আশাশুনি উপজেলায় টেকসই প্রযুক্তির মাধ্যমে সুপেয় পানি সরবরাহের প্রথম পর্যায় অনুমোদন করা হয়েছে। বাগেরহাটের তিনটি উপজেলায় বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প, এবং পটুয়াখালীর গলাচিপা পৌর এলাকায় সোলার প্যানেলচালিত পাম্প হাউস স্থাপন উদ্যোগ নেওয়া হয়েছে।
পটুয়াখালী পৌর এলাকায় রিভার্স ওসমোসিস (RO) প্লান্ট স্থাপন করে পানি বিশুদ্ধকরণ প্রকল্প, সেন্ট মার্টিন দ্বীপে পরিবেশবান্ধব বিকল্প জীবিকা সহায়তা প্রকল্প, এবং চট্টগ্রামের পটিয়া উপজেলায় নিরাপদ পানি সরবরাহ প্রকল্প অনুমোদন পেয়েছে।
নোয়াখালীর চাটখিল পৌর এলাকায় খাল পুনঃখনন ও জলাবদ্ধতা নিরসন প্রকল্প, এবং রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সব উপজেলায় নিরাপদ পানি সরবরাহের জন্য তিনটি পৃথক প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সরকারের লক্ষ্য হলো জনগণের জন্য নিরাপদ পানি সরবরাহ করা। অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে উপকূলীয়, পার্বত্য ও খরা–প্রবণ অঞ্চলে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি পাবে এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নত হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক গাজী মো. ওয়ালি-উল-হকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com