
নিজস্ব প্রতিবেদক, সিলেট : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাস্তায় যে মানুষের ঢল দেখা যাচ্ছে, তারা সবাই বিএনপির কর্মী নন। সাধারণ মানুষ মনে করছে বিএনপি সঠিক পথে আছে বলেই তারা সমর্থন জানাতে রাস্তায় নামছেন। এই সমর্থন ধরে রাখতে দলীয় নেতাকর্মীদের পরিশ্রমের পাশাপাশি প্রয়োজন হলে ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে।
শনিবার (২ মে) সন্ধ্যায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক কর্মিসভায় এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, “মানুষ এখন এমন পরিস্থিতি চায় না, যেখানে কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে। কেউ যদি কোনো অপরাধ করে, তাহলে আইনের মাধ্যমে তার বিচার হবে। কিন্তু মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের কখনো ক্ষমতাসীন দলের কর্মী হিসেবে ভাবা যাবে না। এমন মানসিকতা দলকে ক্ষতিগ্রস্ত করবে। তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রতিটি এলাকায় প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিতে এবং সংগঠনকে শক্তিশালী করার ওপর জোর দেন।
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, নেতাকর্মীদের আচরণে যেন সাধারণ মানুষ অসন্তুষ্ট না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি দলীয় শৃঙ্খলা মেনে চলারও নির্দেশ দেন তিনি।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, পানিসম্পদ প্রতিমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সংসদের হুইপ জিকে গৌছ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কলিম উদ্দিন মিলনসহ সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং জেলা ও মহানগর বিএনপির নেতারা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com