
নিজস্ব প্রতিবেদক, ফেনী : ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর এলাকা থেকে একটি একনলা বন্দুক ও কার্তুজসহ একজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে র্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক ব্যক্তির নাম ওবায়দুল হক মজুমদার (৬৫)। তিনি ওই এলাকার ছেরাজুল হক মজুমদারের ছেলে।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে পশ্চিম দেবপুর এলাকায় ওবায়দুল হক মজুমদারের বসতঘরে মাদকসহ অবৈধ অস্ত্র থাকতে পারে। পরে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে তার নির্মাণাধীন ঘরের বাথরুমের ছাদের ওপর বিশেষভাবে লুকানো অবস্থায় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়। কাঠের বাটসহ প্রায় ৩ ফুট ৯ ইঞ্চি দৈর্ঘ্যের ওই অস্ত্রটির বডি ও ব্যারেল লোহার তৈরি বলে জানায় র্যাব। এ ছাড়া ৪টি ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়, যার মধ্যে ৩টি নীল প্লাস্টিক ও ১টি লাল প্লাস্টিক মোড়ানো ছিল। কার্তুজগুলোর নিচের অংশে পিতলের ক্যাপ ছিল বলেও জানানো হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ.আর.এম. মোজাফফর হোসেন বলেন, আটক ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ আইনগত প্রক্রিয়া শেষে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com