

নিজস্ব প্রতিবেদক : চাকচিক্যময় ও দাম্ভিকতা নিয়ে দুনিয়ায় চলাফেরা করা একজন মুমিনের জন্য অনুচিত বলে মন্তব্য করেছেন ছারছীনার পীর ছাহেব। তিনি বলেন, আল্লাহর খাঁটি বান্দা হতে হলে দুনিয়ার মোহ–মায়া থেকে নিজেকে সংযত রাখতে হবে। একজন ঈমানদার কখনো দুনিয়ার পেছনে ছুটে বেড়ায় না; বরং দুনিয়াকে আখিরাতে কল্যাণ অর্জনের ক্ষেত্র হিসেবে বিবেচনা করে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট থাকে।
শুক্রবার (২ জানুয়ারি) পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসায় আয়োজিত এক ঈছালে ছাওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছারছীনার পীর ছাহেব বলেন, এই ক্ষণস্থায়ী দুনিয়া মুমিন বান্দার জন্য একটি মুসাফিরখানার মতো। এখানে স্থায়ী হওয়ার চিন্তার সুযোগ নেই। বরং আখিরাতের জীবনই প্রকৃত জীবন, আর সেই জীবনের সফলতাই প্রকৃত সফলতা।
তিনি আরও বলেন, সম্পদশালী হওয়া মানেই দুনিয়াদার হওয়া নয়। বরং সম্পদের মোহে নিজেকে জড়িয়ে রাখাই প্রকৃত দুনিয়াদারী। আল্লাহ যদি কাউকে রিজিক হিসেবে সম্পদ দান করেন, তবে যাচাই-বাছাই ছাড়া তাঁকে দুনিয়াদার বলে আখ্যা দেওয়া সমীচীন নয়।
রাসূলুল্লাহ (সা.)-এর হাদিসের আলোকে মধ্যমপন্থা অবলম্বনের তাগিদ দিয়ে তিনি বলেন, মুসলমানের দুনিয়ার পথচলা হওয়া উচিত সাদামাটা ও সংযত। চাকচিক্যময় জীবনধারা ও দাম্ভিকতা পরিহার করে সহজ-সরল জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।
মাহফিলে আরও গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সংগঠনিক সম্পাদক মাওলানা মো. হেমায়েত বিন তৈয়্যেব এবং ছারছীনার পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মো. মোহেব্বুল্লাহ আল মাহমুদ।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com