
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে গাক (গণ উন্নয়ন কেন্দ্র) চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার নামো শংকরবাটি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়।
ক্যাম্পে আসা রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চোখ পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ দেওয়া হয়। এ সময় ছানি রোগে আক্রান্ত উপযুক্ত রোগীদের বিনা মূল্যে অপারেশনের জন্য নির্বাচন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রো ও কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মো. মশিউর রহমান।
গণ উন্নয়ন কেন্দ্রের (গাক) বগুড়ার সিনিয়র পরিচালক ড. মো. মাহবুব আলমের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় বক্তারা বলেন, সময়মতো চোখের রোগ শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করা গেলে অন্ধত্বের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। সাধারণ মানুষের জন্য এ ধরনের চিকিৎসাসেবা অত্যন্ত কার্যকর উল্লেখ করে তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
