
এস আলমগীর হোসেন : গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে এবং নাগরিকদের ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে গণভোট প্রচারণা বিষয়ক মতবিনিময় সভা।
জেলা প্রশাসনের আয়োজনে ২০শে জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার
সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ, গণভোটের গুরুত্ব এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিকদের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথি অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন—গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের সক্রিয় অংশগ্রহণ। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট—এই দুই প্রক্রিয়ার মাধ্যমে জনগণ তাদের মতামত প্রকাশের সুযোগ পায়। এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতন ও দায়িত্বশীল হতে হবে। গণভোট নাগরিকদের সরাসরি মতামত প্রদানের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ বলেন—ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং গণভোট সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে জেলা প্রশাসন নিয়মিতভাবে এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা সম্ভব।
সভায় আরোও উপস্থিত ছিলেন জেলা পুলিশ, সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা নির্বাচন কমিশনার, মোঃ আজাদুল হেলালসহ জেলার সরকারি বিভিন্ন উর্ধতন কর্মকর্তা । সভা শেষে অংশগ্রহণকারীরা গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
