

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সোমবার (০৫ জানুয়ারি) বিকেলে মহিপুর কলেজ মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট আলেম-ওলামারা। বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন একজন আপসহীন দেশপ্রেমিক নেত্রী, যিনি আজীবন দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সংগ্রাম করে গেছেন। তার মৃত্যুতে দেশ এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে বলে মন্তব্য করেন তারা।
বক্তারা আরও বলেন, বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার মতো দেশপ্রেমিক ও সাহসী নেতৃত্ব দেশের জন্য অত্যন্ত প্রয়োজন ছিল। আলোচনা সভায় তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করা হয় এবং তার আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব ও গোবরাতলা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান তাসেম আলীসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং প্রয়াত নেত্রীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com