চাঁপাইনবাবগঞ্জের তিন আসনেই জামায়াতের জয়

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ সপ্তাহ আগে

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনেই জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ। ঘোষিত ফল অনুযায়ী, জেলার তিনটি আসনেই বিএনপির প্রার্থীদের পরাজিত করে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থীরা।

চাঁপাইনবাবগঞ্জ–১ (শিবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জ–১ (শিবগঞ্জ) আসনে জয় পেয়েছেন রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. কেরামত আলী। পোস্টাল ব্যালটসহ তিনি পেয়েছেন ২ লাখ ৬ হাজার ৮৯৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শাহজাহান মিয়া পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫১৫ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৪৪ হাজার ৩৮১।

চাঁপাইনবাবগঞ্জ–২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট)

চাঁপাইনবাবগঞ্জ–২ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ড. মিজানুর রহমান। তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ২২৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ১১৯ ভোট। এ আসনে জয়-পরাজয়ের ব্যবধান ১৬ হাজার ১০৮ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ–৩ (সদর)

জেলার সদর আসন চাঁপাইনবাবগঞ্জ–৩-এ বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল। পোস্টাল ব্যালটসহ ১৭৩টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৬৪০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদ পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৯৭ ভোট। এ আসনে ভোটের ব্যবধান ৬২ হাজার ৬৪৩।

প্রশাসনের বক্তব্য

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ বলেন, জেলার তিনটি সংসদীয় আসনেই শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

রাজনৈতিক বিশ্লেষণ

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলছেন, জেলার তিনটি আসনে একযোগে জয় জামায়াতের জন্য তাৎপর্যপূর্ণ। বিশেষ করে দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে পরিচিত এসব আসনে ভোটের ব্যবধানও তুলনামূলকভাবে বড়। তবে বিএনপি নেতারা ভোটের ফলাফল নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন বলে জানিয়েছেন।