চাঁদা তুলতে এলে খুঁটির সঙ্গে বেঁধে পুলিশে দিন: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ দিন আগে

কেউ চাঁদা তুলতে এলে তাকে খুঁটির সঙ্গে বেঁধে পুলিশে খবর দেওয়ার পরামর্শ দিয়েছেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, “দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না।”

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণের পর রাতে দেবিদ্বার এসে ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ব্যবসায়ীদের উদ্দেশে কড়া বার্তা

হাসনাত আবদুল্লাহ বলেন, “যে ব্যক্তি চাঁদা তোলে তার নাম শাহ আলম। সে যদি নির্ধারিত এলাকার বাইরে চাঁদা নিতে আসে, তাকে আটকে রাখবেন এবং পুলিশে সোপর্দ করবেন।” তিনি আরও বলেন, দেবিদ্বারে কোনো চাঁদাবাজের স্থান হবে না।

চাঁদাবাজদের আশ্রয়–প্রশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে পুলিশ প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে।

ইজারার সীমানার বাইরে চাঁদা তুললে ব্যবস্থা

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের এই সংসদ সদস্য বলেন, কাঁচাবাজারের ইজারা নেওয়া হয়েছে নির্দিষ্ট সীমানার জন্য। ইজারাদার তার নির্ধারিত এলাকার বাইরে চাঁদা তুললে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি এক ইজারাদারকে মুঠোফোনে সতর্কও করেন। হাসনাত বলেন, “নির্দিষ্ট বাজার এলাকার ভেতরেই ইজারার টাকা তুলতে হবে। এর বাইরে চাঁদা নিতে এলে পাবলিক ধরে পিটাবে, তখন আমার কিছু করার থাকবে না।”

আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা ও স্বাভাবিক বাণিজ্যিক পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।