চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর–হাইমচর–৩ আসনে বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চাঁদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুলসংখ্যক নেতা–কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়।
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের কোড়ালিয়া এলাকায় চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ মো. মোশারফ হোসাইনের আয়োজনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি, বৈঠককে কেন্দ্র করে আশপাশের বিভিন্ন পাড়া–মহল্লা থেকে নারী–পুরুষ খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে সমাবেশে অংশ নেন। উপস্থিতদের মধ্যে নারী ভোটারের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
উঠান বৈঠকে অংশ নেওয়া সমর্থকেরা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় কয়েকজন স্থানীয় আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদানের ঘোষণাও দেওয়া হয় বলে আয়োজকেরা জানান।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম। তিনি বলেন, “চাঁদপুর–৩ আসনে শেখ ফরিদ আহমেদ মানিক একজন জনপ্রিয় প্রার্থী। দীর্ঘ সময় ধরে তিনি সততা ও নীতির রাজনীতি করে মানুষের আস্থা অর্জন করেছেন।” তিনি দলীয় নেতা–কর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সেলিমুস সালাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ মো. মোশারফ হোসাইন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা মহিলা দলের সহসভাপতি নাইমা মোশারফ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি তারা বিএনপির রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন মিজি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হালদার। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক পারভেজ আলম রবিন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয়ক দীন মোহাম্মদ জিল্লু, জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোজাম্মেল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল আলম সূর্যসহ ছাত্র ও যুব সংগঠনের নেতারা।
উঠান বৈঠকে জেলা ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com