
চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর শহরতলীর ইসলামপুর গাছতলা এলাকায় ডাকাতিয়া নদীর ওপর নির্মিত চাঁদপুর সেতুর টোল আদায় পুনরায় চালু বা বন্ধ রাখা নিয়ে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে টোল আদায় বন্ধ থাকায় সৃষ্ট জটিলতা ও স্থানীয় অসন্তোষ নিরসনের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
বিগত ৫ আগস্ট ২০২৪-এর রাজনৈতিক পরিবর্তনের পর স্থানীয় আন্দোলনের মুখে সেতুর টোল আদায় সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এরপর থেকেই বিষয়টি নিয়ে টানাপোড়েন চলছিল। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট পক্ষগুলো এবার সমন্বিতভাবে সমাধানের পথ খোঁজার উদ্যোগ নেয়।
সভায় সড়ক ও জনপথ (সওজ) চাঁদপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাঃ ইউনুস আলী জানান, ২০২৪ সালের জুনে তিন বছরের জন্য ৯ কোটি টাকায় সেতুর ইজারা দেওয়া হয়, যার মেয়াদ ৩০ জুন ২০২৭ পর্যন্ত। তাঁর মতে, সরকারি বিধি অনুযায়ী রাজস্ব আদায় বন্ধ করার সুযোগ নেই এবং টোল বন্ধ থাকায় সরকার প্রতিদিন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।
সভায় চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, চাঁদপুর সরকারি কলেজের অধ্যাপক আলমগীর হোসেন (বাহার), বাস মালিক সমিতির সভাপতি ফেরদৌস আলম বাবু, শ্রমিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতা ও ইজারাদার প্রতিনিধি আমিনুল ইসলাম বাদলসহ অনেকে বক্তব্য দেন।
বক্তাদের একাংশ টোল সম্পূর্ণ বন্ধ রাখার দাবি জানান, অন্যদিকে কেউ কেউ টোল হার যৌক্তিকভাবে নির্ধারণ ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা অভিযোগ করেন, টোল আদায়ের কারণে সাধারণ যাত্রী ও পরিবহন খাতে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। তারা টোল বাতিল বা কমানোর দাবি জানান।
অন্যদিকে, ইজারাদার পক্ষের দাবি, টোল আদায় বন্ধ থাকায় তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এবং ইতিমধ্যে প্রায় ৩ কোটি ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা রয়েছে বলে জানান ইজারাদার প্রতিনিধি আমিনুল ইসলাম বাদল। তিনি ক্ষতিপূরণসহ সমন্বিত সমাধানের দাবি জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন সভায় উপস্থিত ছিলেন। তিনি জানান, সব পক্ষের মতামত নিয়ে একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া চলছে।
সওজ কর্মকর্তারা জানান, টোল আদায় বন্ধ থাকলে ইজারার শর্ত ও সরকারি রাজস্ব ক্ষতিগ্রস্ত হয়, তাই আইন অনুযায়ী কার্যক্রম চালু রাখার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
সভায় বিভিন্ন প্রস্তাব উঠে আসে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
বর্তমান ইজারার মেয়াদ শেষ হলে পুনরায় ইজারা না দেওয়া
প্রতিটি যানবাহনের জন্য দিনে একবার টোল নির্ধারণ
সিএনজি অটোরিকশার ক্ষেত্রে বিশেষ ছাড়
প্রাইভেট ও যাত্রীবাহী যানবাহনের জন্য আলাদা ও নির্ধারিত টোল হার নির্ধারণ
এছাড়া চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে স্থানীয় দুই সংসদ সদস্য ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনার প্রস্তাবও দেওয়া হয়।
সভায় অংশীজনদের মতামত লিপিবদ্ধ করে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণের সিদ্ধান্ত হয়। প্রশাসন জানিয়েছে, সব পক্ষের মতামত বিশ্লেষণ করে টোল আদায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com