চাঁদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন, ৩.২১ লাখ শিশুকে টিকার লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর : চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর পৃষ্ঠপোষকতায় জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। সিভিল সার্জনের পক্ষে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুল হাসান ফয়সাল।

তিনি বলেন, হাম ভাইরাস অত্যন্ত সংক্রামক এবং বিশেষ করে শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করা জরুরি। বর্তমানে চাঁদপুর জেলায় ৩৪ জন শিশু হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, পরিস্থিতি মোকাবিলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ দুই ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম ধাপ ৫ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ তিন এলাকা—সদর, পৌরসভা ও হাইমচরে চলমান রয়েছে। দ্বিতীয় ধাপ শুরু হবে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত মোট ১১ কর্মদিবস)।

ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৩ লাখ ২১ হাজার ৫৩৭ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য জেলায় ২ হাজার ৪২৪টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। কার্যক্রম বাস্তবায়নে ৩১৩টি টিম কাজ করছে, যেখানে ৩১৩ জন টিকাদানকারী, ৬২৬ জন স্বেচ্ছাসেবী ও ৩১৩ জন তদারককারী রয়েছেন। ইতোমধ্যে ১৮ এপ্রিল পর্যন্ত ৬১ হাজার ৭২০ শিশুকে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে।

সংবাদ সম্মেলনে হামের উপসর্গ দেখা দিলে দ্রুত সিভিল সার্জন কার্যালয়কে অবহিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে সোহেল রুশদী বলেন, হামের কারণে দেশে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। তাই এ বিষয়ে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। স্বাস্থ্য বিভাগের উদ্যোগকে তিনি স্বাগত জানান।

সংবাদ সম্মেলনে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিকে জানানো হয়, চাঁদপুর সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩০৪ শিশু ভর্তি হয়েছিল, যার মধ্যে ৫২ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। আগামী ২০ এপ্রিল সকাল ১০টায় চাঁদপুর কালেক্টরেট স্কুলে টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।